বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে দেশে বিভ্রান্তি, প্রোপাগান্ডা ও মিথ্যা প্রচারের মাধ্যমে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চলছে।
রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দলের এক যৌথসভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। আজ যখন দেশের মানুষ অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছে, তখন সবাই ভাবছে—দেশের ভবিষ্যৎ কী হবে, কোন পথে এগোবে। এখন এমন এক সময় এসেছে, যখন জাতির শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে।”
তিনি আরও বলেন, “ক্রমেই দেশে এক ধরনের অস্থিরতা তৈরি করার অপচেষ্টা চলছে। দুঃখজনক হলেও সত্য, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে সেই নৈরাজ্যের পরিবেশ তৈরি করা হচ্ছে।”