একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতে ইসলামীর কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।
শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, “একাত্তরের হত্যাযজ্ঞে জড়িত জামায়াতের রাজনীতি এ দেশে টিকে থাকার কোনো নৈতিক অধিকার নেই। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর প্রতারণা দেখতে চায় না।”
আলাল অভিযোগ করে বলেন, তৎকালীন সরকার জামায়াতকে নানা সুযোগ-সুবিধা দিয়েছিল। “জামায়াতের অনেক শীর্ষ নেতা একসময় জাসদ ও গলাকাটা পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। ৫ আগস্টের পর শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়ে এসেছে, এখন তারা প্রকাশ্যে নিজেদের নতুন করে সাজাতে চাইছে,” — বলেন তিনি।
বিএনপি নেতার অভিযোগ, জামায়াত এখন রূপ বদলাতে শুরু করেছে। “তারা এখন হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে, যাতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো—যার প্রয়োজন হলে সবাই কেটে নিয়ে যায়।”
দেশ এখন “বহুরূপীদের খপ্পরে” পড়েছে উল্লেখ করে আলাল বলেন, “এই পরিস্থিতিতে বিএনপিকে ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করতে হবে। জনগণ শেষ পর্যন্ত সত্যের পাশে দাঁড়াবে।”