ডা. জাকির নায়েক নভেম্বরে ঢাকায় আসার কথা রয়েছে। ভারতের দাবি, মালয়েশিয়া থেকে তিনি ঢাকায় পৌঁছালে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হোক। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানান, জাকির নায়েক ভারতের কাছে পলাতক আসামি এবং তিনি ওয়ান্টেড। তাই ভারতের আশা, তিনি যেখানেই থাকুন না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় রাখবে।
২০১৬ সালের আগে জাকির নায়েক ভারতেই ছিলেন। তিনি বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের সময় তার বিরুদ্ধে ‘ঘৃণামূলক বক্তব্য’ এবং অর্থ পাচারের মামলা হয়। সেই সময় তার নিয়ন্ত্রিত চ্যানেল পিস টিভি বন্ধ করা হয়।
এরপর ৬০ বছর বয়সি এই ধর্মপ্রচারক ২০১৬ সালে ভারত ত্যাগ করে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। জাকির নায়েক জানিয়েছেন, তিনি ন্যায়বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ভারতে ফিরবেন না। মালয়েশিয়ায় থাকার কারণে তিনি ভারতের বিচারিক নিয়ন্ত্রণের বাইরে আছেন।
জানা গেছে, ডা. জাকির নায়েক ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানটি স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজন এবং সম্ভবত আগারগাঁও এলাকায় অনুষ্ঠিত হবে।
২০১৬ সালে ঢাকার হলি আর্টিজান হামলার পর অন্তত দুই হামলাকারী জাকির নায়েকের বক্তৃতা থেকে প্রভাবিত হওয়ায় বাংলাদেশও তার প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ভারতের নজরদারি এবং নিরাপত্তা উদ্বেগের কারণে এ নিষেধাজ্ঞা এখনও প্রাসঙ্গিক।