জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সিধুলি ইউনিয়নের চরভাটিয়ানী আমতলা এলাকায় আনার সরকারবাড়ীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চরভাটিয়ানী এলাকার প্রবাসী দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২) ও ছেলে আবু হাসান (৮), এবং বাউসী গ্রামের নুর ইসলামের মেয়ে সাবেরা আক্তার (৮)। নিখোঁজ রয়েছে একই এলাকার কুলছুম ও বৈশাখী (১২) নামের দুই শিশু।

মাদারগঞ্জ মডেল থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ জানান, স্থানীয় একটি মাঠে ফুটবল খেলার পর কয়েকজন শিশু নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে পাঁচজন হঠাৎ পানিতে তলিয়ে যায়। অন্য এক শিশু বিষয়টি বাড়িতে গিয়ে জানালে স্থানীয়রা দ্রুত উদ্ধার প্রচেষ্টা শুরু করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা পর্যন্ত তিন শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও দুইজনের কোনো খোঁজ মেলেনি। জামালপুর ফায়ার সার্ভিসের লিডার রফিকুল ইসলাম জানান, রাতে অভিযান স্থগিত করা হয়েছে; শনিবার সকালে আবারও উদ্ধার তৎপরতা শুরু হবে।