রাজধানী লিসবনের উপকণ্ঠে অবস্থিত কোস্টা দা কাপারিকায় শামীম হোসেন (৩৫) নামে এক বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত শামীমের বাড়ি কুমিল্লা জেলায় বলে প্রাথমিকভাবে জানা যায়।ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ১১টায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শামীম হোসেন একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো সেদিনও নিজের সাইকেল নিয়ে কাজে যান তিনি। দোকানের সামনেই সাইকেলটি পার্কিং করে রাখার কিছুক্ষণ পর এক আফ্রিকান বংশোদ্ভূত সাইকেলটি চুরি করে পালানোর চেষ্টা করেন।
এ সময়, শামীম চোরকে দেখতে পেয়ে পিছু নেন এবং তাকে ধরার চেষ্টা করেন। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে ওই ব্যক্তি সঙ্গে থাকা ছুরি দিয়ে শামীমের বুকে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা পুলিশ খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান চালাচ্ছে বলে জানায়।
এ ঘটনায় বাংলাদেশ কমিউনিটি ও প্রবাসী বাংলাদেশিরা আতংকে একই সঙ্গে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।