কাশ্মীরে সম্প্রতি প্রথমবারের মতো মঞ্চে গান পরিবেশন করলেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী সোনু নিগম। কিন্তু তাঁর গানের চেয়েও বেশি আলোচনায় এসেছে এক মুহূর্তের মানবিকতা। আজানের ধ্বনি শোনা মাত্রই সোনু নিজের পারফরম্যান্স থামিয়ে দেন—এ দৃশ্যেই মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।
শ্রীনগরের এক কনসার্টে গান গাওয়ার সময় আজান শুরু হলে সোনু মাইক্রোফোনে বলেন, “এখন আজান হবে, আমরা একটু বিরতি নিচ্ছি। দুই মিনিট পর আবার গান শুরু করব।” আজান শেষে তিনি আবার গান শুরু করেন, আর ততক্ষণে দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম।
এই ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, “সোনু নিগম প্রমাণ করলেন, ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতাই আসল মানবতা।”
তবে বিষয়টি অনেকের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ২০১৭ সালে আজান নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সোনু নিগম। সে সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, “ধর্মীয় ঘোষণার জন্য শব্দদূষণ কেন হবে?” — যার জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন এই গায়ক।
বছর কয়েক পর সেই সোনুই আজানের সময় শ্রদ্ধার নিদর্শন হিসেবে গান থামিয়ে দিলেন, যা দেখে অনেকেই বলছেন—তিনি সময়ের সঙ্গে আরও সংবেদনশীল ও পরিণত হয়েছেন।
কাশ্মীরের দর্শক ও অনুরাগীদের মতে, “সোনু শুধু একজন অসাধারণ শিল্পী নন, তিনি একজন ভদ্র ও শ্রদ্ধাশীল মানুষও।”