দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় নায়ক প্রভাস যেন একাই পুরো ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছেন। পাঁচজন শীর্ষ নায়িকার সঙ্গে একের পর এক ছবিতে অভিনয় করে তিনি হয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকে তো ভেবেই ফেলেছিলেন— এতগুলো সুন্দরীর সঙ্গে কাজ করতে করতে হয়তো এর মধ্যে কারও সঙ্গে গাঁটছড়া বাঁধবেন এই তারকা!
অনুষ্কা শেঠি, কাজল আগরওয়াল, শ্রিয়া শরণ, নয়নতারা ও শ্রুতি হাসানের মতো জনপ্রিয় অভিনেত্রীদের সঙ্গে প্রভাসের অন-স্ক্রিন রসায়ন বহুবার দর্শকদের মুগ্ধ করেছে।

প্রভাস প্রথম অনুষ্কা শেঠির সঙ্গে অভিনয় করেন ‘মিরচি’ ছবিতে, এরপর আসে ‘বাহুবলী’ সিরিজের দুইটি ব্লকবাস্টার ছবি—যা তাঁকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দেয়। শ্রিয়া শরণের সঙ্গে তাঁর ‘ছত্রপতি’ ছবিটিও ছিল সুপারহিট, যা পরিচালনা করেছিলেন এসএস রাজামৌলি।
নয়নতারার সঙ্গে ‘যোগী’ ছবিতে অভিনয় করলেও ছবিটি বাণিজ্যিকভাবে খুব একটা সাফল্য পায়নি। তবে তাঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রি দর্শকের নজর কেড়েছিল। কাজল আগরওয়ালের সঙ্গে ‘ডার্লিং’ ও ‘মিস্টার পারফেক্ট’—দুটি ছবিই বক্স অফিসে দারুণ ব্যবসা করে।

সম্প্রতি শ্রুতি হাসানের সঙ্গে ‘সালার’ ছবিতে দেখা গেছে প্রভাসকে। প্রশান্ত নীল পরিচালিত ছবিটি বক্স অফিসে ৭৫০ কোটিরও বেশি আয় করে রীতিমতো ঝড় তোলে।
বর্তমানে প্রভাসের হাতে রয়েছে আরও কয়েকটি বড় বাজেটের ছবি—‘রাজাসাব’, ‘ফৌজি’ এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় ‘স্পিরিট’। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর পারফরম্যান্স দর্শক ও সমালোচক—দু’দিক থেকেই প্রশংসিত হয়েছে। ছবিটি এক হাজার কোটি টাকার বেশি ব্যবসা করে প্রমাণ করেছে, দক্ষিণের এই তারকাই বর্তমানে ভারতীয় সিনেমার অন্যতম বড় ব্র্যান্ড নাম।