জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ইপিজেড এলাকায় কাভার্ডভ্যানের চাপায় একটি যাত্রীবাহী ইজিবাইকে থাকা চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—ইজিবাইক যাত্রী রাশেদ মিয়া, কৃষক চাঁন মিয়া এবং সরকারি আশেক মাহমুদ কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আরিফা খাতুন। নিহত অপর নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে মধুপুরগামী একটি কাভার্ডভ্যান ইপিজেড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ মিয়া মারা যান এবং আহত হন আরও কয়েকজন যাত্রী। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফা খাতুন, চাঁন মিয়া ও অজ্ঞাত পরিচয়ের এক নারী মারা যান।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।