ডিএমপির তুরাগ থানা পুলিশ মুজাহিদুল ইসলাম চৌধুরী (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মিছিলে অংশগ্রহণ করে ডামি রাইফেল দেখানোর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার টহল টিম জানতে পারে যে কিছু ব্যক্তি খালপাড় পুলিশ বক্সের পাশে পাকা রাস্তায় জমায়েত হয়ে অবৈধ অস্ত্র প্রদর্শন করছে। পুলিশ দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অভিযুক্তরা পালিয়ে গেলে পরে স্থানীয়দের মোবাইল ভিডিও এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়।
এরপর বিকেলে উত্তরা পশ্চিম থানাধীন ১২ নং সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে ডামি রাইফেলসহ গ্রেপ্তার করা হয়। শনিবার (২৫ অক্টোবর) তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্ত অজ্ঞাত ব্যক্তিদের সঙ্গে মিলিত হয়ে জনমনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছিলেন এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।