হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে চার দেশের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৫ অক্টোবর) সকালে বিমানবন্দরের কার্গো ভিলেজ ও ই-গেট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুনের ঘটনার কারণ নির্ণয়ে নমুনা সংগ্রহের জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তদন্তে নাশকতা বা গাফিলতির বিষয় থাকলে সেটিও স্পষ্ট হয়ে যাবে।
তিনি আরও জানান, আগুন লাগার পর বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিটের চারটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের ইউনিটও যোগ দেয়। তবে কার্গো ভিলেজে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
উল্লেখ্য, গত সপ্তাহে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি একাধিক সংস্থা তদন্ত শুরু করেছে।