ঢাকা থেকে টাংগুয়ার হাওরে বেড়াতে যাওয়ার পথে সুনামগঞ্জে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে মা–মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। শুক্রবার (১০ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারসংলগ্ন ইনাতনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ঢাকার বাসিন্দা মনজুরা আক্তার (৩৭) ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামে, মনজুরার স্বামী আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি) কর্মরত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিসিআইসির ১১ জন কর্মকর্তা পরিবার–পরিজন নিয়ে টাংগুয়ার হাওর ভ্রমণে যাচ্ছিলেন। তাঁরা সেঁজুতি ট্রাভেলসের একটি দূরপাল্লার বাসে ছিলেন। ভোরে শান্তিগঞ্জের ইনাতনগর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অন্তত ১০ জন যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস, শান্তিগঞ্জ থানা ও জয়কলস হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, “আমরা ঘটনাস্থলে এসে পর্যটকবাহী বাসটি খাদে পড়া অবস্থায় পাই। বাসের নিচে চাপা পড়ে নিহত দুইজনের মরদেহ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেছেন। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।”