ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে টর্চলাইট জ্বালিয়ে আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের সময় দুই গোষ্ঠীর শতাধিক মানুষ টেটা, লাঠি, বল্লমসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও চিৎকারে পুরো এলাকা তটস্থ হয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও স্থানীয়দের ভোগান্তি পোহাতে হয়।
জানা গেছে, কয়েক দিন আগে আওয়ামী লীগ ও বিএনপিকে ঘিরে একটি বিতর্কের জেরে উকিল গোষ্ঠীর সাদ্দাম, আজিজ গোষ্ঠীর আক্তারকে চড় মারেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিরোধ তীব্র হয়। বুধবার বিকেলে সালিস বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।
আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, আধিপত্যের বিরোধ নিয়ে আজিজ ও উকিল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলে আসছিল। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।