জিয়াউর রহমান সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের ছেলে ও বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম সম্প্রতি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বুধবার বিষয়টি আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। তিনি গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটিতে সদস্য ছিলেন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও যুক্ত ছিলেন।
এই রাজনৈতিক সময়ে আওয়ামী লীগে যোগদানের কারণ জানতে চাইলে ফয়জুল করিম বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ধারক দল, ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতীক। ৫ আগস্টের পর মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তা পূরণ হয়নি; বরং রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ লুটপাট চলছে এবং স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় আনার চেষ্টা হচ্ছে। সেই অপচেষ্টা রুখতেই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনা প্রকৃত দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষের একমাত্র ভরসাস্থল। আওয়ামী লীগে যোগ দিতে পেরে আমি গর্বিত।”
তবে কীভাবে বা কার মাধ্যমে তিনি দলে যোগ দিয়েছেন, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “ফয়জুল করিম এখন আর বিএনপির কোনো পদে নেই। তার মানসিক অবস্থাও ঠিক নেই। তাই তার আওয়ামী লীগে যোগদানের বিষয়টির কোনো রাজনৈতিক গুরুত্ব নেই।”