২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন বাংলাদেশ থেকে। ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিসংখ্যান বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।
মন্ত্রণালয়ের ১৭ অক্টোবর পর্যন্ত প্রকাশিত তথ্যানুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ১৬ হাজার ৫৫২ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন। দেশভিত্তিক হিসেবে এটি সর্বোচ্চ সংখ্যা।
২০২৪ সালের একই সময়ের তুলনায় এ বছর বাংলাদেশিদের আগমন দ্বিগুণেরও বেশি বেড়েছে। গত বছর এ সময় ইটালিতে পৌঁছেছিলেন প্রায় আট হাজার বাংলাদেশি।
মোট হিসেবে ২০২৫ সালের ১৭ অক্টোবর পর্যন্ত ৫৫ হাজার ৯৪৮ জন সমুদ্রপথে ইটালিতে প্রবেশ করেছেন। এদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছে মিশর (৭ হাজার ৬৯০ জন) এবং তৃতীয় স্থানে ইরিত্রিয়া (৬ হাজার ৮৮৭ জন)।
তালিকার পরবর্তী দেশগুলো হলো— পাকিস্তান (৩,৭২৬), সুদান (৩,৩৪৭), সোমালিয়া (২,৫৬৬), ইথিওপিয়া (২,০৩৭), টিউনিশিয়া (১,৫২৪), ইরান (১,৪৯৩), সিরিয়া (১,২৪৫), গিনি (১,২১৮), আলজেরিয়া (১,১১৫), নাইজেরিয়া (৮০১), মালি (৭৫৩) ও আফগানিস্তান (৬১২)। এছাড়া অন্যান্য দেশ মিলিয়ে এসেছে আরও ৪ হাজার ৩৮২ জন অভিবাসনপ্রত্যাশী।
বিশ্লেষণ বলছে, সাম্প্রতিক সময়ে আফ্রিকার দেশগুলো থেকে আগমনের হার কিছুটা কমলেও দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ থেকে আগমন ক্রমাগত বাড়ছে। সাম্প্রতিক মাসগুলোতে এই প্রবণতা আরও স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।