রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় এক বাসার সিঁড়িতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা সিঁড়িতে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহত ছাত্রনেতার নাম জুবায়েদ হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মাস্টার্স শিক্ষার্থী (২০১৯–২০ সেশন) এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা, পাশাপাশি ছাত্রদল নেতাকর্মীরাও উপস্থিত হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা দাবি করেন, জুবায়েদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
একজন সহপাঠী তাওহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে গিয়ে দেখি তিনতলার সিঁড়িতে জুবায়েদের রক্তাক্ত লাশ পড়ে আছে। নিচ থেকে তিনতলা পর্যন্ত রক্তের দাগ দেখা যায়। ভবনের কেউ কিছু জানে না বলে দাবি করছে। এটা নিঃসন্দেহে হত্যাকাণ্ড।”
তিনি আরও জানান, “আমরা পুলিশকে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি। দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত এখানেই অবস্থান করব।”
পুলিশ জানায়, খবর পেয়ে বংশাল থানাসহ পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছে। প্রাথমিক কাজ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত খুনের পেছনে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।”
এ বিষয়ে ডিএমপির লালবাগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (লালবাগ জোন) মো. আমিনুল কবীর তরফদার জানান, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”