ঢাকার সাভারে বাসায় ফেরার পথে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে ভুক্তভোগী ওই তরুণী তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী, এবং তিনি পরিবারের সঙ্গে সাভার এলাকায় ভাড়া বাসায় থাকেন।
মামলায় আসামি করা হয়েছে—সাভারের সোহেল রোজারিও (৩৭), বিপ্লব রোজারিও (৪০) ও মিঠু বিশ্বাসকে (৩৫)। অভিযোগ অনুযায়ী, সোহেল ধর্ষণের মূল অভিযুক্ত, আর বিপ্লব ও মিঠু তাকে সহযোগিতা করে।
এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরে তরুণী দেখেন দরজায় তালা। পরে জানতে পারেন, তার মা চাবিটি পাশের এক দোকানে রেখে গেছেন। দোকান থেকে চাবি নিয়ে ফেরার সময় সোহেল তার সঙ্গে কথা বলতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে আরও দু’জন সেখানে আসে। তারা মেয়েটিকে অনুসরণ করে এবং নানা প্রশ্ন করে বিরক্ত করতে থাকে।
একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে সোহেল তাকে নিজের বাসায় নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে বলে অভিযোগে বলা হয়। এ সময় বিপ্লব ও মিঠু ঘটনাটিতে সহায়তা করে। পরে সোহেল ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আ. ওয়াহাব জানান, ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞাও বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, এবং আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।