খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে পড়েছে। এতে দুইজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—দীঘিনালা উপজেলার কোবাখালী মুসলিমপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আবদুর রাজ্জাক (৭২) এবং চৌধুরীপাড়ার বিন্দু চাকমার ছেলে অনিল চাকমা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীঘিনালা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস আলুটিলা পাহাড় নামার সময় হঠাৎ সামনের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে উল্টে পড়ে। ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং গুরুতর আহত হন সাতজন যাত্রী। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়।
মাটিরাঙ্গা সার্কেল সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, “চাকা ফেটে নিয়ন্ত্রণ হারানোর কারণে বাসটি দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়দের সহায়তায় আমরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।”