টাঙ্গাইলের মধুপুরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এতিমখানা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি ব্যাটারিচালিত ভ্যান, মাহিন্দ্রা ও পিকআপ ভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মাহিন্দ্রার চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। নিহতদের মরদেহ মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা শিমুল মিয়া জানান, অতিরিক্ত গতিতে চলা মাহিন্দ্রাটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়, এরপর ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান।
অরনখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।”