সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির জানান, বুধবার রাত ১১টা ৪০ মিনিটে খালেদা জিয়া গুলশানের বাসভবন থেকে হাসপাতালে রওনা দেন এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী ভর্তি হন।
এর আগে, ২৮ আগস্ট খালেদা জিয়া হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন। প্রায় ৮০ বছর বয়সী সাবেক এ নেত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান তিনি। সেখানে ১৭ দিন চিকিৎসা নেওয়ার পর ২৫ জানুয়ারি খালেদা জিয়া তাঁর ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা চালিয়ে যান।
উন্নত চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরার পর তিনি নিজ বাসাতেই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলাচ্ছে।