দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৫ জন, চট্টগ্রামে ১০৬ জন, ঢাকার বাইরের জেলাগুলোতে ২১৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭৩ জন, দক্ষিণ সিটিতে ১২৮ জন, খুলনায় ২৬ জন, ময়মনসিংহে ১৯ জন, রাজশাহীতে ৪৭ জন এবং সিলেট বিভাগে তিনজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ সময়ে ৭৯৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৩ হাজার ৩৫৪ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ২৫৭ জন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৯ শতাংশ নারী।
গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যুসহ এ বছর এখন পর্যন্ত মোট ২৩৮ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।
গত বছরের তুলনায় মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম হলেও সংক্রমণের হার এখনও উদ্বেগজনক। ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। তার আগের বছর ২০২৩-এ রেকর্ডসংখ্যক এক হাজার ৭০৫ জন মারা যান এবং হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আবহাওয়ার পরিবর্তন ও মশার প্রজনন স্থল বাড়ার কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। তাই জনগণকে মশার উৎপত্তিস্থল ধ্বংস ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।