বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে বিলম্বিত করার উদ্দেশ্যেই পিআর পদ্ধতির নামে আন্দোলন চালানো হচ্ছে। তাঁর দাবি, বাংলাদেশের মানুষ কোনো কিছু চাপিয়ে দেওয়া পছন্দ করে না এবং তা কখনো মেনে নেবে না।
রবিবার (১২ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।
মির্জা ফখরুল বলেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির বিষয়টি কোনো সংস্কার কমিশন থেকে নয়, বরং কয়েকটি রাজনৈতিক দলের দাবির মাধ্যমে এসেছে। তিনি বলেন, “এই পদ্ধতি জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। জনগণ সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায়।”
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য বা বিভ্রান্তিকর প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “এখন সামনে বড় পরীক্ষা—নির্বাচন। সবাইকে সচেতন থাকতে হবে, কোনো কিছু বিশ্বাসের আগে সত্যতা যাচাই করতে হবে।”
সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “বিএনপি সব সময় ইতিবাচক সংস্কারের পক্ষে ছিল। কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে যে আমরা সংস্কার চাই না—এটা সম্পূর্ণ মিথ্যা। বিএনপি নিজেই সংস্কার আন্দোলনের ফসল।”
তিনি আরও বলেন, “কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে বিএনপিকে নিয়ে ভুল তথ্য দিচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই—আমরা ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চাই। জনগণও এখন ভোট চায়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না।”