অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক, আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মাজহারুল ইসলাম জানান, সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিকেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। বর্তমানে তাঁর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে সংরক্ষিত আছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
গত শুক্রবার ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাসে যাওয়ার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চালক ও এক পথচারীর সহায়তায় তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা জানান, তিনি মারাত্মক হার্ট অ্যাটাক করেছেন। শনিবার তাঁর হার্টে দুটি রিং স্থাপন করা হয়। কিছুটা উন্নতির পর লাইফ সাপোর্ট থেকে সরানো হলেও পরবর্তীতে অবস্থার অবনতি হলে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত শুক্রবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।
১৯৫১ সালের ১৮ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণকারী সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে “ইয়েটসের কবিতায় ইমানুয়েল সুইডেনবার্গের দর্শনের প্রভাব” শীর্ষক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন।
অধ্যাপক হিসেবে দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন ছাড়াও তিনি ছিলেন একাধারে কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও অনুবাদক — বাংলা সাহিত্যে যাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।