গাজীপুরে দায়িত্ব পালনকালে এক ট্রাফিক কনস্টেবলকে মাথায় আঘাত করে গুরুতর আহত করেছে এক অটোরিকশা চালক। আহত কনস্টেবলের নাম মোহাম্মদ সাঈদ (৫০)। তিনি নড়াইল জেলার বাসিন্দা এবং বর্তমানে গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগে কর্মরত।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক মুস্তাকিন (৩৫)-কে আটক করা হয়েছে। তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে এবং টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ি এলাকায় ভাড়া থাকতেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে দায়িত্বে থাকা অবস্থায় কনস্টেবল সাঈদ অটোরিকশা চালকদের মেইন রোডে প্রবেশ করতে নিষেধ করেন। কিন্তু চালক মুস্তাকিন নির্দেশ অমান্য করে জোর করে প্রবেশের চেষ্টা করলে, কনস্টেবল তার হাতে থাকা টেস্টার দিয়ে অটোরিকশার চাকা ফুটো করেন। এতে ক্ষিপ্ত হয়ে চালক টেস্টারটি কনস্টেবলের হাত থেকে ছিনিয়ে নিয়ে তার মাথায় আঘাত করেন। এতে কনস্টেবলের মাথা ফেটে রক্তাক্ত হন।
ট্রাফিক ইন্সপেক্টর মাসুম মিয়া বলেন, “আমাদের এক পুলিশ সদস্যকে এক অটোরিকশা চালক মাথায় আঘাত করে গুরুতর আহত করেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত চালককে আটক করি।”
পুলিশ জানিয়েছে, আহত কনস্টেবলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।