বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও রাজনীতিতে সক্রিয় আছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হাসান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিতই বেগম জিয়ার সঙ্গে রাজনৈতিক বিষয়ে পরামর্শ ও আলোচনা করেন।
বুধবার রাতে গুলশানের ফিরোজায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডা. জাহিদ হাসান। এর আগে তিনি দলের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
ডা. জাহিদ জানান, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বেগম খালেদা জিয়া নিজেই জিয়াউর রহমানের মাজারে যেতে ইচ্ছা প্রকাশ করেন। পরে পরিবার ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঘনিষ্ঠজনদের নিয়ে তিনি মাজারে কোরআন তিলাওয়াত, ফাতেহা পাঠ ও দোয়া করেন।
রাত ১১টার দিকে বেগম জিয়ার গাড়িবহর শেরেবাংলা নগরের জিয়াউর রহমানের মাজারে পৌঁছায়। সেখানে গাড়িতেই অবস্থান করে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় তার সঙ্গে ছিলেন ছোট ভাই প্রয়াত মেজর (অব.) সাঈদ ইস্কান্দারের স্ত্রী, ছোট ভাই প্রকৌশলী শামীম ইস্কান্দারের সহধর্মিণীসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
ডা. জাহিদ আরও বলেন, “চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের দিকনির্দেশনায় এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার পরামর্শ ও নির্দেশনায়ই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব পালন করছেন।”