জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত জটিলতা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রশাসনে যারা গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, তারা রাষ্ট্র ও দেশের জন্য কাজ চালিয়ে যাবেন। তবে অপরাধে জড়িতদের ক্ষেত্রে সরকার নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবে।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সময়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে।
বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে সতর্ক আছে এবং কমিশনই নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবে বলে তিনি আশা করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যখন ফ্যাসিবাদের কারণে নিরাপত্তাহীনতায় ভোগে, তখনই তারা রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে। জনগণ সবসময় প্রতিবাদ করেছে এবং প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করেছে।
অনুষ্ঠান শেষে বিকেলে ঝিনাইদহে পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষাবিদদের নিয়ে ‘উন্নয়ন ভাবনা: প্রেক্ষিত ঝিনাইদহ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।