অন্তর্বর্তী সরকারের ঘোষণামতে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে ইতোমধ্যে রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইসি।
নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, অনলাইন ভোটিং এখনো নিরাপদ ও গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে বিবেচিত নয়। তাই আপাতত পোস্টাল ব্যালটই কার্যকর সমাধান।
বুধবার (১ অক্টোবর) প্যারিসে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি জানান, নভেম্বরে ‘Postal Vote BD’ নামে একটি অ্যাপ চালু করা হবে। নিবন্ধিত ভোটাররা এর মাধ্যমে ব্যালটের জন্য আবেদন করতে পারবেন এবং পুরো প্রক্রিয়াটি অনলাইনে ট্র্যাক করা যাবে। প্রবাসীদের পাঠানো ব্যালট সরাসরি সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে।
সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ তাহের, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) সমন্বয়ক মাহবুব হোসাইন, বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স শাখার সভাপতি আবুল খায়ের লস্কর, সংগঠনের উপদেষ্টা জালাল আহমদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা এলায়েন্সের আঞ্চলিক সংগঠক ইশতিয়াক আকিব এবং ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ আব্দুল মালেক।