নানা আয়োজনের মধ্য দিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে উদযাপিত হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনব্যাপী এই দুর্গোৎসব বৃহস্পতিবার (২ অক্টোবর) সমাপ্ত হয়।
মাদ্রিদের আলতো দে আরেনাল এলাকার একটি হলরুমে অস্থায়ী পূজামণ্ডপে আয়োজন করা হয় এবারের পূজা। বাংলাদেশি সম্প্রদায়ের পাশাপাশি নেপাল ও ভারতের পশ্চিমবঙ্গের অনেক প্রবাসী এতে অংশগ্রহণ করেন। পূজামণ্ডপটি ধর্মীয় আচার পালনের পাশাপাশি প্রবাসী হিন্দু সম্প্রদায়ের মিলনমেলায়ও পরিণত হয়।
ঢাক-ঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নির্ধারিত তিথি মেনে প্রতিদিন পূজা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজন সবার অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। বয়োজ্যেষ্ঠদের তত্ত্বাবধানে আয়োজিত এ পূজায় স্পেনের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
মাদ্রিদ পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা ও সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী জানান, প্রবাসে থেকেও শারদীয় দুর্গোৎসবকে এত উৎসবমুখরভাবে উদযাপন করতে পারায় তারা অত্যন্ত আনন্দিত।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা উত্তম মিত্র, মিঠু দেব, মোহন লাল মজুমদার, শ্যামল দেবনাথ, তাপস দেবনাথ, চমন দাশ, শান্তনু দাশ, শংকর রায়, শংকর পোদ্দার, উত্তম ভুইয়া, সুমন রায়, পলাশ সাহা, রাখাল দেব, রতন শীল, সুমন শীল, জয় সাহা, শ্যামল পাল, জুয়েল বৈদ্য, কার্তিক দেবনাথ, সুব্রত মল্লিকসহ আরও অনেকে।
এছাড়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধিরাও পূজামণ্ডপে উপস্থিত ছিলেন।