ফ্যাসিবাদী সংগঠন হিসেবে চিহ্নিত আওয়ামী লীগের কার্যক্রমে সরকারের আরোপিত নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। কবে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে—সে নিয়ে নেতাকর্মীদের মধ্যে কৌতূহল থাকলেও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সুস্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি জাতিসংঘ সফরে গিয়ে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার প্রসঙ্গ তুললে এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
তবে বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল স্পষ্টভাবে বলেন, শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, “যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন প্রশ্ন আসে—এটি অস্থায়ী না স্থায়ী। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে বর্তমানে এমন কোনো পরিস্থিতি আমি দেখছি না যে নিষেধাজ্ঞা উঠে যাবে।”
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে সরকারের অবস্থান পরিষ্কার—আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় পাহাড়ে অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, “যারা পাহাড়ে অশান্তি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ড. আসিফ নজরুল সেদিন দুপুরে বরিশাল সার্কিট হাউজে পৌঁছে নগরীর নতুন বাজার সংলগ্ন শংকর মঠে যান এবং সেখানে পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।