সরকারি নির্বাহী আদেশে আগামী ১ অক্টোবর (মঙ্গলবার) একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরদিন ২ অক্টোবর বিজয়া দশমীর জন্য সরকারি ছুটি থাকবে। এরপর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় টানা চার দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
অন্যদিকে দুর্গাপূজা উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ ছুটিতে যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে শুরু হওয়া ছুটি চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এতে শিক্ষার্থীরা মোট ১২ দিনের অবকাশ পাচ্ছে। এছাড়া ৬ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মী পূজার দিন ঐচ্ছিক ছুটি থাকবে।
সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে এই ছুটি কার্যকর থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ছুটির সময়সূচি নির্ধারণ করবে।
এ বছর দুর্গাপূজার ছুটির পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মী পূজার ছুটি অন্তর্ভুক্ত হয়েছে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর চাকরিজীবীরা এখনও পাঁচ দিনের ছুটি পাবেন। এর মধ্যে চার দিন সাধারণ ছুটি এবং একটি দিন নির্বাহী আদেশের ছুটি। ডিসেম্বর মাসে বিজয় দিবস (১৬ ডিসেম্বর) এবং বড়দিন (২৫ ডিসেম্বর) এর ছুটি রয়েছে।
চলতি বছরে সবচেয়ে বড় ছুটি কেটেছে দুই ঈদে। ঈদুল ফিতরের সময় ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ছিল। আর ঈদুল আজহার ছুটি মিলে চাকরিজীবীরা ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের অবকাশ উপভোগ করেছেন।