খাগড়াছড়ি, ২৮ সেপ্টেম্বর: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ১৪৪ ধারার মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার বেলা ১টার দিকে রামেসু বাজারে সংঘর্ষের এক পর্যায়ে আগুন দেওয়া হয়। জেলা প্রশাসক মো. এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায় এবং বাজারের পাশের বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাজারটি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় ১০০ গজ দূরে অবস্থিত। আগুন দেওয়ার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দোকানপাট জ্বলতে দেখা গেছে। বাজারের দোকানমালিকদের অধিকাংশ পাহাড়ি সম্প্রদায়ের বলে জানা গেছে।
এর আগে, ‘জুম্ম ছাত্র জনতা’ শনিবার থেকে ১৪৪ ধারা অমান্য করে সড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা বাহিনী অবরোধকারীদের সড়ক খালি করতে অনুরোধ করলে তারা বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং এলাকায় গুলির শব্দ শোনা যায়। সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ কয়েকজন আহত হন।
জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “সংঘর্ষের পরিস্থিতি দেখতে সেখানে যাচ্ছি। পৌঁছানোর পর বিস্তারিত জানানো হবে।”
উল্লেখ্য, শনিবার থেকে অনিদিষ্টকালের জন্য গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, যা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার নির্দেশ দিয়েছেন।