গত দুই মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাজনৈতিক দলগুলোর চাপ এবং ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস), সহযোগিতায় ছিল যুক্তরাজ্য সরকার ও দ্য এশিয়া ফাউন্ডেশন।
তথ্য উপদেষ্টা বলেন, “গত দুই মাস ধরে আমি এমন অবস্থায় আছি যে জানি না কবে আমাকে সরে দাঁড়াতে হতে পারে। রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে সহযোগিতা, না হলে অন্তত বাধা না দেওয়া।”
তিনি জানান, গত মে মাস থেকেই রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি তুলেছে। এমনকি তাঁর সরকারি বাসভবনের আশপাশ থেকেও এই দাবির স্লোগান শুনেছেন তিনি।
সাংবাদিকতা সুরক্ষা আইনের প্রসঙ্গ টেনে মাহফুজ আলম বলেন, “খসড়া থেকে বিল পাস পর্যন্ত ১৮ ধাপ রয়েছে। আমি দুই মাস আগে প্রক্রিয়া শুরু করতে বলেছিলাম, অথচ এখনো তা দ্বিতীয় ধাপে আটকে আছে।”
তিনি আরও জানান, যেখানে অন্য উপদেষ্টারা দায়িত্ব নেওয়ার এক বছর পরও তাঁদের কার্যপরিধি স্পষ্ট করতে পারেননি, সেখানে তিনি এমন সময়ে দায়িত্ব নিয়েছেন যখন প্রতিদিনই পদত্যাগের শঙ্কায় থাকতে হচ্ছে। তবু তিনি আশা করেন, বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই সাংবাদিকতা সুরক্ষা আইন প্রণয়ন সম্ভব হবে।