স্পেনের বাংলাদেশস্থ রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে প্রাতঃরাশ ও আলোচনায় অংশ নেন তিনি। শুরুতেই রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, বাংলাদেশ-স্পেন দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগের সম্ভাবনা এবং আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে আলোচনা হয়। স্পেন ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে এবং বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
আলোচনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।