মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম আবারও আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা অভিজ্ঞতা শেয়ার করে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন, অনেকেই যেন ধরে নিচ্ছেন তার হাতে অর্থের অফুরন্ত ভাণ্ডার রয়েছে। অথচ বাস্তবে পরিস্থিতি একেবারেই ভিন্ন।
নায়লা প্রশ্ন তুলেছেন— “আমার কি কেনিয়াতে সোনার খনি আছে? কুয়েতে তেলের খনি আছে? নাকি উত্তরাধিকার সূত্রে বাংলাদেশের গ্যাসক্ষেত্র পেয়েছি? তাহলে কেন সবাই ভাবে আমি অর্থকুবের?”
তার অভিযোগ, পরিচিত-অপরিচিত সবার কাছ থেকেই তিনি প্রায়ই আর্থিক সহায়তার অনুরোধ পান। ইনবক্সে, ফেসবুক পোস্টে এমনকি রাস্তাঘাটেও কেউ না কেউ সাহায্যের আবেদন জানায়।
নায়লা জানান, বাসার ভেতরে ও বাইরে থাকা পশুপাখির যত্নে প্রতিদিনই বড় অঙ্কের খরচ হয়। এর সঙ্গে ঢাকার উচ্চ জীবনযাত্রার ব্যয় মিলিয়ে প্রতিনিয়ত তাকে হিমশিম খেতে হয়। “দিন শেষে নিজের কাছেও তেমন টাকা থাকে না,” বলেছেন তিনি।
ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, “চাইবে এমনভাবে, যেন আমি না বলতে না পারি। কিন্তু আমারও তো সীমাবদ্ধতা আছে। পার্লার থেকে শুরু করে বিড়ালের খাবার, মাছওয়ালা, মুরগিওয়ালা, সবজিওয়ালা—কেউ বাদ যায় না। সবাই হাত বাড়ায়। আমি কোথায় যাব?”
সবশেষে তিনি অনুসারীদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন, “আপনারাই বলুন, আমার কী করা উচিত?”