থাইল্যান্ডে মিস গ্র্যান্ড থাইল্যান্ড প্রতিযোগিতার শিরোপা জেতার মাত্র একদিন পরই খেতাব হারালেন সুফানি নইনোংথং।
২০ সেপ্টেম্বর তিনি মুকুট জেতেন। কিন্তু এর ২৪ ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে সুফানিকে প্রাপ্তবয়স্কদের খেলনা ব্যবহার, ই-সিগারেট টানা এবং খোলামেলা পোশাকে নাচতে দেখা যায়।
এরপর প্রতিযোগিতা আয়োজক কমিটি এক বিবৃতিতে জানায়, সুফানির কিছু কর্মকাণ্ড প্রতিযোগিতার নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। তাই তার মুকুট কেড়ে নেওয়া হয়েছে।
২৭ বছর বয়সী এই প্রতিযোগী পরে নিজের ফেসবুক পেজে বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, করোনাকালে আর্থিক সংকট ও মায়ের চিকিৎসার খরচ জোগাতে তিনি ‘অনলি ফ্যানস’ প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলেছিলেন এবং সেখানে এ ধরনের কনটেন্ট তৈরি করেছিলেন। তবে বর্তমানে তার মা জীবিত নন।
“এটা আমার জন্য বড় শিক্ষা। আমি প্রতিজ্ঞা করছি, নিজেকে আরও উন্নত করব এবং যেন এমন কিছু আর না ঘটে।”