বোতলজাত ও খোলা—উভয় ধরনের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা করে বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন নির্ধারিত দরে বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ২০৪ টাকা থেকে বেড়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বেড়ে ১৮৮ টাকা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকা বহাল রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার জন্য আয়োজিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সামগ্রিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র খোলা এবং আমদানির সার্বিক চিত্র নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনটির তথ্যের পাশাপাশি বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে উপস্থিত সবাই সর্বসম্মতিক্রমে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেন।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে মূল্য সমন্বয় করা হয়নি। ফলে ভোজ্যতেল আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
আসন্ন রমজানে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত গড়ে তোলা এবং সরবরাহ অব্যাহত রাখার লক্ষ্যে আন্তর্জাতিক বাজারদর ও বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানায় সংগঠনটি।
এদিকে বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট তৈরি, অবৈধভাবে মজুত এবং সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।