ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর প্রায় পাঁচ বছরে রাশিয়ার ৭ লাখের বেশি সেনা নিহত হয়েছেন বলে এক গবেষণায় দাবি করা হয়েছে। রাশিয়ার সরকারি তথ্যভাণ্ডার থেকে ফাঁস হওয়া নথি, মৃত্যুসংবাদ ও প্রবেট রেকর্ড বিশ্লেষণ করে এ হিসাব প্রকাশ করেছে নির্বাসিত রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনা ও মেদুজা।
সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত গবেষণায় বলা হয়, রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের তথ্য ফাঁস হওয়ার পর নতুন করে সেনা নিহতের সংখ্যা নিরূপণ করা হয়েছে। বেলারুশিয়ান সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো নামের দুটি হ্যাকার গোষ্ঠী এ তথ্য ফাঁসের দায় স্বীকার করেছে।
গবেষণায় রাশিয়ার নাগরিক নিবন্ধন ব্যবস্থা এবং সরকারি তথ্য বিনিময় প্ল্যাটফর্মের নথিও পর্যালোচনা করা হয়েছে। এতে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৪ লাখ ৯০ হাজার সেনার মৃত্যুর সরকারি রেকর্ড পাওয়া গেছে। তবে সরকারি নথিতে মৃত্যুর তথ্য হালনাগাদ করতে দীর্ঘ সময় লাগায় ২০২৫ ও ২০২৬ সালের অনেক মৃত্যুর ঘটনা এ হিসাবের বাইরে রয়ে গেছে।
মিডিয়াজোনা ও মেদুজার চূড়ান্ত হিসাব তৈরির ক্ষেত্রে নিখোঁজ সেনাদের মধ্যে যাদের মৃত্যুর আশঙ্কা প্রবল, তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। আহত সেনাদের সংখ্যাসহ হিসাব করলে যুদ্ধে রাশিয়ার মোট হতাহতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হয়ে উঠতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
এদিকে বিপুলসংখ্যক সেনা নিহত হওয়ার পরও ২০২৬ সালে প্রায় ৪ লাখ ৯ হাজার নতুন সেনা নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মস্কো। কার্নেগি এনডাউমেন্টের বিশেষজ্ঞ মাইকেল কফম্যান নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব অনুযায়ী, ইউক্রেনের নিহত ও আহত সেনার সংখ্যা প্রায় ৬ লাখ। তবে দুই দেশের হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা কঠিন। ক্রেমলিনও যুদ্ধের প্রাণহানির প্রকৃত পরিসংখ্যান প্রকাশ করেনি।এত বিপুল ক্ষয়ক্ষতির পরও যুদ্ধক্ষেত্রে সেনা সরবরাহ অব্যাহত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন।