নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে মঙ্গলবার (২৪ নভেম্বর) যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের পরিচালিত মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তিনি। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখবেন।
বিশেষ এই যৌথ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির দায়িত্ব নেওয়ার পর থেকে সেখানে নিয়মিত প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সেনাবাহিনী।
গত এক যুগের বেশি সময় ধরে দ্বীপটিতে সেনাবাহিনীর নিজস্ব সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর যৌথ অনুশীলন হয়ে আসছে। তবে তিন বাহিনীর বিশেষায়িত স্পেশাল ফোর্সকে নিয়ে এমন সমন্বিত মহড়া এবং এতে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবারই প্রথম।
মহড়া পরিদর্শন ও আনুষঙ্গিক কার্যক্রম শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।