গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটে এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের লঞ্চঘাট গোলচত্বর ও গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে নেতাকর্মীদের বক্তব্য দেওয়ার সময় বক্তাদের পাশে দাঁড়ানো নিয়ে ঘোষেরচর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মোরসালিনের সঙ্গে চরমানিকদাহ গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা শাকিলের ভাই সাজিদের ধাক্কাধাক্কি হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সিরাজুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছেন তারা। তবে পুলিশ ঘটনাস্থলে যায়নি। দুই পক্ষ নিজেরাই বিষয়টি মীমাংসা করে নিয়েছে বলে শুনেছেন। এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।