পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন সম্পন্ন করেও সৌদি আরবে যেতে পারছেন না ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রায় ১০ হাজার বাসিন্দা। দীর্ঘ অপেক্ষার মধ্যে নিবন্ধিত ব্যক্তিদের প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছে। রাফাহ সীমান্ত দিয়ে চলাচলে বিধিনিষেধ থাকায় তাদের হজযাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটছে না।
সোমবার (১৬ নভেম্বর) ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজার হজ ও ওমরাহ ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মদ আল-আস্তালের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে হজের জন্য নিবন্ধন করা প্রায় ১০ হাজার ফিলিস্তিনি এখনো অপেক্ষমাণ রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৪০০ জন হজে যাওয়ার আগেই মারা গেছেন।
মোহাম্মদ আল-আস্তাল জানান, ভবিষ্যতে হজে যাওয়ার সুযোগ তৈরি হলে ২০২৩ সালের হজের লটারিতে নির্বাচিত ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি নিবন্ধিত কোনো হজযাত্রীর মৃত্যু হলে তার পরিবারের সদস্যদের হজে যাওয়ার সুযোগ দেওয়ার বিষয়েও সংশ্লিষ্ট সংগঠন কাজ করছে।
প্রতিবেদনে বলা হয়, রাফাহ সীমান্ত দিয়ে যাতায়াতে বিধিনিষেধ থাকায় গাজার বাসিন্দারা হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। সৌদি আরব তাদের গ্রহণে প্রস্তুত রয়েছে এবং মিসরও যাতায়াত সহজ করতে চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আল-আস্তাল। তবে গাজা থেকে নিরাপদে সৌদি আরবে পৌঁছানো এবং হজ শেষে নিজ এলাকায় ফিরে আসার নিশ্চয়তা চেয়েছেন তিনি।
গাজার জন্য প্রতিবছর হজযাত্রীর কোটা প্রায় ২ হাজার ৫০৮ জন। ফিলিস্তিনের জন্য বরাদ্দ মোট ৬ হাজার ৬০০ জনের কোটার মধ্য থেকে গাজার বাসিন্দাদের এই সংখ্যা নির্ধারিত। কিন্তু সীমান্তে চলাচলের ওপর বিধিনিষেধ থাকায় গত কয়েক বছর ধরে নিবন্ধিত অনেকেই এই সুযোগ নিতে পারছেন না।
২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের হজ মৌসুমে গাজার কোনো ফিলিস্তিনি হজে যেতে পারেননি। ২০২৪ সালের মে মাসে রাফাহ সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর যাতায়াতের ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। এমনকি কয়েকজন হজযাত্রী মক্কা ও মদিনায় থাকার জায়গা এবং যাতায়াতের ব্যবস্থাও আগে থেকে নিশ্চিত করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের হজযাত্রা বাতিল করতে হয়।
২০২৭ সালের হজ মৌসুম ঘনিয়ে আসায় গাজার অপেক্ষমাণ হজযাত্রীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বছরের পর বছর অপেক্ষায় থাকা এসব মানুষের দাবি, নিরাপদে সৌদি আরবে যাতায়াত এবং হজ শেষে দেশে ফেরার জন্য কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।