দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে কারখানাগুলো। নভেম্বরের প্রথম ১৮ দিনে (১ থেকে ১৮ নভেম্বর) ৩১৭টি পোশাক কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে এসব কারখানার নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন ক্রেতারা। স্থানান্তর করা এসব পোশাকের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। রোববার (২২ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জরিপের ফল প্রকাশ করে সংগঠনটি।
বিজিএমইএ জানায়, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে তৈরি পোশাকশিল্পের প্রকৃত ক্ষয়ক্ষতি নির্ধারণে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরিপ চালানো হয়েছে। এতে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে কারখানাগুলোর উৎপাদন ও ব্যবসায়িক ক্ষতির প্রাথমিক চিত্র পাওয়া গেছে।
জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার দেওয়া তথ্য অনুযায়ী, অস্থিতিশীল পরিস্থিতি ও নানা প্রতিবন্ধকতার কারণে এসব প্রতিষ্ঠানে সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এতে কারখানাগুলোর উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। রপ্তানির এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য বিবেচনায় নিয়ে এ ক্ষতির হিসাব করা হয়েছে।
সংগঠনটি জানায়, উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ক্রয়াদেশ ধরে রাখতে কারখানাগুলোকে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। একই সঙ্গে দিতে হচ্ছে বড় অঙ্কের মূল্যছাড়। কোনো কোনো ক্ষেত্রে ক্রয়াদেশ বাতিল হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, অস্থিতিশীল পরিস্থিতির কারণে ক্রেতারা ইতোমধ্যে তাদের নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব পণ্যের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।
বিজিএমইএর মতে, বিপুল পরিমাণ ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরের ঘটনা বাংলাদেশের পোশাকশিল্পের প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাবের ইঙ্গিত দিচ্ছে।
প্রকৃত ক্ষতি আরও বেশি হওয়ার আশঙ্কা
বিজিএমইএ মনে করছে, জরিপে পাওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকৃত পরিস্থিতির আংশিক চিত্র মাত্র। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। অথচ স্বল্প সময়ের এই জরিপে তথ্য দিয়েছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে ক্ষতিগ্রস্ত সব প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির হিসাব এতে অন্তর্ভুক্ত হয়নি।
এ ছাড়া জরিপে ক্ষতির হিসাব ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলেও শিল্পাঞ্চলগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। এ কারণে সামগ্রিক ক্ষতির পরিমাণ জরিপে উঠে আসা হিসাবের চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা করছে সংগঠনটি।
বিজিএমইএর ভাষ্য, এই ক্ষতির প্রভাব কেবল তাৎক্ষণিক আর্থিক লোকসানের মধ্যে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘদিনের সুনাম, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনাও হুমকির মুখে পড়েছে। অন্য দেশে বিপুল পরিমাণ ক্রয়াদেশ স্থানান্তরের ঘটনাকে চলমান সংকটেরই প্রতিফলন হিসেবে দেখছে সংগঠনটি।
সংগঠনটি আরও জানায়, দেশের অর্থনীতি এবং লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত এ সংকট কাটিয়ে ওঠা জরুরি। পোশাকশিল্পের উৎপাদন ও সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা এবং ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে বিজিএমইএ।