আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী তাসলিমা জাহান পপি।
সাক্ষ্য দিতে গিয়ে শুরুতেই তিনি জানান, মামলার আসামি জিয়াউল আহসানকে তিনি চেনেন। এ সময় মামলাসংক্রান্ত কয়েকটি নথি ও ভিডিও সাক্ষ্য হিসেবে উপস্থাপনের কথা জানান তিনি।
রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল সাক্ষ্য গ্রহণ করছেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
সাক্ষ্য দেওয়ার সময় তাসলিমা জাহান পপি ২০১১ সালের ১৩ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত ‘র্যাবের গুলিতে যুবক নিহত’ শিরোনামের একটি প্রতিবেদনের অনুলিপি জমা দেন। এ ছাড়া একই বছরের ১৬ আগস্ট প্রকাশিত ‘ভারতীয় শাড়ি এবং দেশীয় আলু ও ট্রাক উদ্ধারের’ শিরোনামের আরেকটি প্রতিবেদনও উপস্থাপন করেন তিনি।
নিরাপত্তার কারণে এদিন ট্রাইব্যুনালে সশরীরে হাজির হননি জিয়াউল আহসান। তিনি ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে অংশ নিচ্ছেন।
এর আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। পরে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য রোববার দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। সেই অনুযায়ী সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী তাসলিমা জাহান পপি।
এর আগে ৮ অক্টোবর তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের জবানবন্দি গ্রহণ করা হয়। ৩০ সেপ্টেম্বর থেকে তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল।
এ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে সজলসহ তিনজনকে হত্যার ঘটনা নিয়ে। অভিযোগ অনুযায়ী, ওই সময় জিয়াউল আহসান ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সময়ের ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে। এ সময় বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
তৃতীয় অভিযোগেও ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, দ্বিতীয় অভিযোগে উল্লেখ করা সময়ের মধ্যে বরগুনার বলেশ্বর নদী এবং বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।
এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই দিন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে।