মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে উর্মি বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী সজীব মিয়া (৩২) নিজের গলায় ছুরি চালিয়ে গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়াখোড়ার গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে খাওয়াদাওয়া শেষে স্বামী-স্ত্রী ঘরের একটি কক্ষে ঘুমাতে যান। একই সময় বাড়ির অন্য একটি কক্ষে টেলিভিশন দেখছিলেন উর্মির নানি খুশিমন বেগম (৬০)। কিছুক্ষণ পর স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সজীব ধারালো ছুরি দিয়ে উর্মিকে আঘাত করেন। তাঁর চিৎকার শুনে নানি ও আশপাশের লোকজন এগিয়ে এলে সজীব নিজের গলায় ছুরিকাঘাত করেন।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। তবে হাসপাতাল প্রাঙ্গণেই উর্মির মৃত্যু হয়। সজীবের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, প্রায় সাত বছর আগে উর্মি ও সজীবের বিয়ে হয়। বিয়ের পর থেকে সজীব ঘরজামাই হিসেবে বালিয়াখোড়ায় বসবাস করতেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।