দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন করে ১ হাজার ৬৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৫১৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে নভেম্বরের ২০ দিনে ৯৭ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬৭৪ জন নতুন রোগী ভর্তি হওয়ায় চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সর্বোচ্চ ৭৪৪ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৫ জন, খুলনায় ২২৭ জন, রাজশাহীতে ১৪৬ জন, বরিশালে ১৪৫ জন, ময়মনসিংহে ৯৩ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।