ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি গোষ্ঠী। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। হামলার অন্যতম লক্ষ্য ছিল লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদাইদাহ।
সৌদি নেতৃত্বাধীন জোট এ অভিযানকে বিশেষ অভিযান হিসেবে বর্ণনা করেছে। তাদের দাবি, হুদাইদাহ বন্দরে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাচারের কাজে ব্যবহৃত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ছাড়া রাজধানী সানা, সা’দা ও তাইজ প্রদেশেও বিমান হামলা পরিচালনা করা হয়।
এর আগে হুতি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, হুদাইদাহ বন্দরে হামলা চালানো হলে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোতে পাল্টা আঘাত হানা হবে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় জেদ্দা বন্দরও ছিল। একই সঙ্গে সৌদি আকাশসীমাকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছিল গোষ্ঠীটি।
এ ছাড়া সৌদি রাজধানী রিয়াদের আর্থিক এলাকা এবং আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুমকি দিয়েছিল হুতিরা।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, হুদাইদাহ বন্দরে অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাচারের কাজে ব্যবহৃত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তিনি আরও জানান, রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে জোট।
আল-মালকি অন্য একটি পোস্টে দাবি করেন, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, বিমান হামলার পর ইয়েমেনের মোখা শহরের ক্ষতিগ্রস্ত একটি বিদ্যুৎকেন্দ্রের ছবি প্রকাশ করেছে হুতি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ।