ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৭ জন।
শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগে দুজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৩ জনে। অন্যদিকে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৭০ হাজার ২৮০ জন।
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ৬৬৮ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৫ জন, বরিশাল বিভাগে ১৫৪ জন, খুলনা বিভাগে ১২২ জন, রংপুর বিভাগে ১০৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬৩ জন ভর্তি হয়েছেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। একই সঙ্গে জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।