রাজধানীর তুরাগ থেকে নিখোঁজের ১০৪ ঘণ্টা পর নারায়ণগঞ্জের পূর্বাচল থেকে উদ্ধার হয়েছেন জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশীদ। শুক্রবার জুমার নামাজের পর পূর্বাচল ১ নম্বর মসজিদ থেকে তাকে পাওয়া যায়।
গত রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর তুরাগের হানিফ আলী মোড়ের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মামুনুর রশীদ। তিনি তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এ ঘটনায় তার স্ত্রী খাদিজা তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পর পরিবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে। সেদিন কান্নাজড়িত কণ্ঠে খাদিজা বলেছিলেন, “পাঁচদিন ধরে আমার স্বামীকে পাচ্ছি না। সন্তানরা সারাক্ষণ বাবার খোঁজ করছে। আমি কিভাবে ওদের বোঝাবো? আমার স্বামীকে কি আর কোনোদিন ফিরে পাব না?”
মানববন্ধনে মামুনের মা-বাবাও ছেলের জীবিত ফেরার আকুতি জানিয়েছিলেন।
অবশেষে শুক্রবার তার সন্ধান মেলায় পরিবারের মাঝে স্বস্তি ফিরেছে।