মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিতে বড় ধরনের আঘাত হেনেছে ইরান। দেশটির সামরিক বাহিনী ও সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্তত ২৬টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনায় মার্কিন সামরিক সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ সম্পদ মজুত ছিল।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি পর্যালোচনা করে সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত এ ধরনের হামলার সংখ্যা ১১৫ ছাড়িয়েছে।
বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনের বেশি সামরিক ঘাঁটিতে হামলার ক্ষেত্রে ইরানের প্রধান লক্ষ্য ছিল আগাম সতর্কতাব্যবস্থা। এরপর যুদ্ধবিমান ও সামরিক ঘাঁটির বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০টি হামলা চালিয়েছে ইরানি বাহিনী।
স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, এসব হামলায় ঘাঁটিটির অন্তত ১৫টি বিমান রাখার হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি অবস্থিত ১০টি ভবন ক্ষতিগ্রস্ত অথবা পুরোপুরি ধ্বংস হয়েছে।
এপির পর্যবেক্ষণে উঠে এসেছে, ইরানের ধারাবাহিক হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে আগাম সতর্কতাব্যবস্থা, সামরিক বিমান এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ছিল হামলার প্রধান লক্ষ্য।