নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের মোটরসাইকেল ও গাড়িবহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় দুজন নিহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিন (৪৫) ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)।
জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচরের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।