রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে গত এক সপ্তাহে দুই হাজারের বেশি হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এসব হামলায় এক শিশুসহ ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৭ জন, যাদের মধ্যে একজন শিশু। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত রোদিওন মিরোশনিক রুশ বার্তা সংস্থা তাসকে এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে মিরোশনিক বলেন, ‘পুরো সপ্তাহজুড়ে ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে বেলগোরোদ অঞ্চল। গত সাত দিনে এ অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীর ২ হাজারের বেশি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এসব হামলায় এক শিশুসহ ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক শিশুসহ ৫৭ জন।’
তিনি জানান, ইউক্রেনীয় বাহিনীর হামলার লক্ষ্যবস্তু ছিল বেলগোরোদ অঞ্চলের বেলগোরোদ, বরিসোভকা, ভালুইকি, ভলোকোনোভকা, গ্রাইভরোন, রাকিতনয়ে, রোভেঙ্কি, শেবেকিনো ও ইয়াকোভলেভো পৌর জেলাগুলো।
মিরোশনিক আরও জানান, এসব হামলায় আবাসিক ভবন ও ব্যক্তিগত বাড়ি, প্রশাসনিক ও সামাজিক স্থাপনা, শিল্পকারখানা, যাত্রীবাহী গাড়ি ও ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া সীমানাপ্রাচীর, বিভিন্ন সহায়ক স্থাপনা, বিদ্যুতের লাইন, কৃষিযন্ত্র এবং কৃষিপ্রতিষ্ঠানের ভবনেও ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে তিনি জানিয়েছিলেন, ইউক্রেনের হামলায় গত এক সপ্তাহে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এক শিশুসহ ৬৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৪০ জন, যাদের মধ্যে পাঁচজন শিশু। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত সাত দিনে রাশিয়ার বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে বিভিন্ন ধরনের ৮ হাজার ৩০০টি গোলাবারুদ নিক্ষেপ করেছে কিয়েভ।