পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। প্রথমবারের মতো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এটি কোনো আনুষ্ঠানিক সংযোগ নয়, বরং পরীক্ষামূলকভাবে সীমিত সময়ের জন্য গ্রিডে যুক্ত করা হয়েছে। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামসহ প্রকল্পসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে চলতি মাসের ২১ নভেম্বর বা মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেনসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হচ্ছে।
পরবর্তীতে বিভিন্ন কারিগরি পরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে কেন্দ্রটির প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষামূলক সংযোগের সময় গ্রিডের ফ্রিকোয়েন্সি, বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা এবং বিভিন্ন যন্ত্রের পারস্পরিক সমন্বয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের কারিগরি জটিলতা দেখা দিলে সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষা শেষে কেন্দ্রটি আবার বন্ধ রেখে পরবর্তী ধাপের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।
উল্লেখ্য, রাশিয়ার সহযোগিতায় ১ লাখ ১৩ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হচ্ছে ২৪০০ মেগাওয়াট ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি, যেখানে ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। ২০১৩ সালের ২ অক্টোবর এই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল।